৯ সদস্য বিশিষ্ট সংবিধান সংস্কার কমিশন গঠন, আছেন যাঁরা

জাতীয় নিত্য তথ্য বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার গঠিত ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের ৯ সদস্যের নাম এবং তাদের সুযোগ-সুবিধা উল্লেখ করে গতকাল সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধান পর্যালোচনাসহ মূল্যায়নের জন্য রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বাকি আট সদস্য হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মো. মাহফুজ আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানি এবং সুযোগ-সুবিধা পাবেন। তবে কেউ অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি কমিশন গঠনের কথা জানিয়েছিলেন। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য এসব কমিশন করা হচ্ছে। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংবিধান সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকের নাম ঘোষণা করা হয়। পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *