আমেরিকায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমন–বৃষ্টির বন্ধুরা কে কী বলেছেন

আন্তর্জাতিক
হিলসবরো কাউন্টি আদালতকক্ষে নিহত লিমন ও বৃষ্টির বন্ধু–সহপাঠীরা
হিলসবরো কাউন্টি আদালতকক্ষে নিহত লিমন ও বৃষ্টির বন্ধু–সহপাঠীরাছবি: টাম্পা বে ২৮ এর ফেসবুক পাতা থেকে নেওয়া
আমরা বাংলাদেশিরা এখানে একটি পরিবারের মতো বসবাস করি। আমরা একসঙ্গে খাবার খাই, একসঙ্গে বেড়াতে যাই, ঘুরতে যাই’—হিশাম আবুঘরবেহর জামিন শুনানির দিন আদালতকক্ষে উপস্থিত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির বন্ধু আবীর আল হাসিব সৌরভ এভাবেই ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যকার বন্ধনের কথা বললেন।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডে সন্দেহভাজন খুনি হিসেবে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে।১৬ এপ্রিল টাম্পা বে এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরদিন বৃষ্টির একজন বন্ধু তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

এ ঘটনায় সন্দেহভাজন খুনি হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। ২৪ বছর বয়সী হিশাম আর লিমন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে একই অ্যাপার্টমেন্টের একটি কক্ষে শেয়ারে ভাড়া থাকতেন।হিশামের বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ করা হয়েছে।গতকাল মঙ্গলবার হিলসবরো কাউন্টির একটি আদালত আবুঘরবেহকে জামিন না দিয়ে কারাবন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন। এদিন সরাসরি বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বাংলাদেশিদের একটি দল আদালতে উপস্থিত ছিল। তাঁদের মধ্যে বেশির ভাগই লিমন ও বৃষ্টির সহপাঠী ও বন্ধু।তাঁদের একজন সালমান সাদিক শুভ বলেন, ‘আমাদের বন্ধুদের সঙ্গে ঠিক কী ঘটেছে, সেটা আমরা জানতে চাই।’

রিফাতুল ইসলাম নামের আরেক তরুণ বলেন, ‘এখনো অনেক প্রক্রিয়া বাকি। দেখুন, আমরা যখন এখানে আসি, বাড়ি থেকে ৮ হাজার মাইল দূর থেকে—এখানে তারাই আমাদের পরিবার, আমাদের সবকিছু। সব অনুষ্ঠানে আমরা সবাই সবার সঙ্গে দেখা করি।’

রিফাতুল আরও বলেন, ‘আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যে জায়গাকে আমরা সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করি—আমাদের বাড়ি, আমাদের নিজের ঘর, আমাদের নিজের রান্নাঘর—সেখানেই তাদেরকে হত্যা করা হয়েছে। এটা আমাদের খুবই হতবাক করেছে। আমি বুঝতে পারছি না কী বলব, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ আদালতে লিমন ও বৃষ্টির বন্ধু এবং সহপাঠীদের এমন সরব উপস্থিতির বিষয়টি লক্ষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *