নিত্য নিউজ প্রতিবেদক | বগুড়া | ২৭ অক্টোবর ২০২৫
দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ১৯ বছর পর এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ। আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ মাঠে গড়াবে বগুড়াতেই।
সোমবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক—বাংলাদেশের আজিজুল হক তামিম ও আফগানিস্তানের মাহবুব খান। অনুষ্ঠানে তারা উভয়েই ভেন্যুর প্রস্তুতি ও পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মাঠ, উইকেট, গ্যালারি ও অন্যান্য অবকাঠামোর সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর একই ভেন্যুতে।
বাকি তিনটি ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর দেশে ফিরে যাবে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ, আর ২০০৯ সালের নভেম্বর মাসে এখানে সর্বশেষ বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দল।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা—এই দীর্ঘ বিরতির পর শহীদ চান্দুর গ্যালারি আবারও মুখর হয়ে উঠবে দর্শকদের উপস্থিতিতে।
