গৃহকর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারিত হওয়া উচিত: নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান

জাতীয়

mzamin

নিত্য নিউজ ডেস্কঃ জীবনযাপনের ব্যয় বিবেচনা করে গৃহকর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান শিরীন পারভিন হক। তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে গৃহকর্মীদের অধিকারের কথা বলা হয়নি, তবে বলা উচিত ছিল। তাদের বেতন কাঠামো নিয়েও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়নি।’শনিবার এফডিসিতে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথভাবে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।শিরীন পারভিন হক বলেন, ‘গৃহকর্মীদের অধিকার রক্ষায় স্বতন্ত্র ন্যায়পাল নিয়োগ করা হলে জবাবদিহিতার চর্চা গড়ে উঠবে। গৃহকর্মীর মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের কর্মপরিকল্পনায় ন্যায়পাল নিয়োগ এবং গৃহকর্মী সুরক্ষায় আইনি কাঠামো তৈরি অগ্রাধিকার পাবে বলে আশা করি।’

অনেক ক্ষেত্রেই গৃহকর্মীদের বুয়া হিসেবে সম্বোধন করা হয়। এই ধরনের অমর্যাদামূলক ও আপত্তিকর শব্দ পরিহার করা উচিত বলে উল্লেখ করেন তিনি।হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘গৃহকর্মীরা পারিশ্রমিক, কর্মঘণ্টা, চিকিৎসা, ছুটি ও বিনোদনসহ কোনোটাই তারা অন্যান্য কর্মজীবী মানুষের মতো পাচ্ছে না। সময়ের পরিক্রমায় দাসপ্রথা বিলুপ্ত হলেও গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ দেখে মনে হয় এটি সভ্য সমাজ ব্যবস্থার দাসপ্রথার নব্য সংস্করণ। আমরা গৃহকর্মীদের প্রতি মানবিকতা প্রদর্শন করতে না পারলে রাষ্ট্র যতই গণতন্ত্র, ভোটের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা করুক না কেন এই রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে বলতে কষ্ট হবে।’‘সরকারের একার পক্ষে সমাজের অবিচ্ছেদ্য অংশ গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত সম্ভব নয়। এক্ষেত্রে পরিবার, সমাজ, এনজিও এবং গণমাধ্যমসহ সকলকে এগিয়ে আসতে হবে’-বলেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসি ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ অয়োজনে ‘আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গিই গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি’র বিতার্কিকদের পরাজিত করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *