দোকানের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান, বড়দিনের আগে দক্ষিণ ব্রাজিলের শহরে মৃত ১০

আন্তর্জাতিক নিত্য তথ্য

নিত্য নিউজ অনলাইনঃ

১০ জন যাত্রী নিয়ে ব্যস্ত শহরের মাঝে ভেঙে পড়ল বিমান। রবিবার দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানের সমস্ত যাত্রীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে ভেঙে পড়লো আস্ত একটি প্রাইভেট বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। বিমানে যারা যাত্রা করছিলেন তাদের কেউ বেঁচে নেই বলে জানা গেছে। রিও গ্র্যান্ডে দো সুল গভর্নর এডুয়ার্ডো লেইটের মতে, বিমানের মালিক এবং পাইলট, লুইজ ক্লাউদিও গ্যালেজি অন্য নয়জন যাত্রীর সাথে মারা গেছেন, যাদের সবাই তার পরিবারের সদস্য ছিলেন। ঘনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ায় ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। গভর্নর বলেছেন, ১৯৯০ সালে তৈরি টুইন-ইঞ্জিন পাইপার PA-42-1000 রবিবার স্থানীয় সময় সকাল ৯ টার পরে কাছাকাছি ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে সাও পাওলো রাজ্যের জুনদিয়াইয়ের দিকে যাচ্ছিল।

তিনি উল্লেখ করেছেন যে, বিমানটি ভেঙে পড়ার কারণ অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) দ্বারা তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে তারপর একটি বাড়ির দ্বিতীয় তলায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয়। ব্রাজিলের এই গ্রামাদো অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জায়গা। ১৯ শতকে এই জার্মানি ও ইতালি থেকে বহু মানুষ এই শহরে এসে বসতি স্থাপন করেন। ফলে এখানে বিদেশি নাগরিকের সংখ্যা অনেক বেশি। জাঁকজমকের সঙ্গে এখানে পালিত হয় ক্রিসমাস উৎসব। যার জেরে বর্তমানে প্রচুর মানুষের ভিড় জমেছে এই শহরে। সেখানে এমন এক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি করেছে। এই বছরের শুরুতে  বন্যার দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল শহরটি, কয়েক ডজন মানুষের মৃত্যুর পাশাপাশি  অবকাঠামো ধ্বংস হয় এবং রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, যাত্রীদের বেশিরভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’’ তাঁর সঙ্গে সঙ্গে পুরসভার কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।

উল্লেখ্য, গ্রামাদো হল ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান। চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে ফের সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *