
নিত্য নিউজ প্রতিবেদকঃ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আর্কটিক সাগরের গভীরে এক নীরব অভিযান চালাচ্ছে চীন। সমুদ্রের তলদেশের বিস্তারিত মানচিত্র তৈরি করছে দেশটি এবং পানির নিচে পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলছে। লক্ষ্য একটাই—যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য সাবমেরিন যুদ্ধে এগিয়ে থাকা।নৌবিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তলদেশ সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছাড়া সাবমেরিন যুদ্ধে জেতা সম্ভব নয়।
জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, চীনের ওশান ইউনিভার্সিটির গবেষণা জাহাজ ‘ডং ফাং হং–৩’ ২০২৪ ও ২০২৫ সালে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুয়ামের কাছের সমুদ্রসীমায় বারবার যাতায়াত করেছে। ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতেও জাহাজটিকে দেখা গেছে। ওশান ইউনিভার্সিটির তথ্যমতে, জাপানের নিকটবর্তী সমুদ্রের তলদেশে চীন শক্তিশালী সেন্সর নেটওয়ার্ক স্থাপন করেছে, যা পানির নিচে যেকোনো বস্তুর চলাচল শনাক্ত করতে পারে। ২০২৪ সালের অক্টোবরে ‘ডং ফাং হং–৩’ এই নজরদারিব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজ করেছে, যা ওই এলাকায় মার্কিন ও মিত্রবাহিনীর সাবমেরিনের ওপর নজরদারি আরও জোরদার করবে
