নিত্য নিউজ ডেস্কঃ
‘জুলাই পূনরদৃষ্টি আত্মত্যাগ ও অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভা ও শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, জুলাই কন্যা, ও জুলাই ম’য়ের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্প্রতি দুপচাঁচিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।দেশ ও জাতির জন্য জুলাই মাসের গণ-আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন, তাদের স্মরণ ও সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহরুখ খান।অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার কৃষিবিদ ড. আব্দুল মজিদ, যিনি তাঁর আলোচনায় জুলাই আন্দোলনের পটভূমি, আত্মত্যাগ ও এর সুদূরপ্রসারী অঙ্গীকার নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য দলিল, যেখানে অসংখ্য মানুষ নিঃস্বার্থভাবে দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া বগুড়ার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং ‘ভয়েস অফ জুলাই, বগুড়া’র আহ্বায়ক জনাব মোঃ আজিম উদ্দিন। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে জুলাই যো*দ্ধাদের সাহসিকতা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা পর্ব শেষে, জুলাইয়ের গণ-আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য, আহত যোদ্ধা, এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ‘জুলাই কন্যা’ ও ‘জুলাই মা’দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আত্মত্যাগ ও অঙ্গীকারকে পাথেয় করে আমাদের সকলকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যেতে হবে। তিনি সকল সম্মানিতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
