ইরানের পারমানবিক ঘাঁটিতে ইসরাইলের হামলার পরিকল্পনা

Uncategorized

নিত্য নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রাপ্ত নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা যাচ্ছে যে, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার সিএনএন গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সিএনএনকে উদ্ধৃত করে বিশ্বের বড় বড় গণমাধ্যম এ খবর প্রচার করছে। ‘দ্য টাইমস অব ইসরাইল’ প্রধান শিরোনাম করেছে-ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, নতুন মার্কিন গোয়েন্দা সূত্রের খবর।

রয়টার লিখেছে, ‘‘ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা’’।

‘দ্য ইকোনমিক টাইমস’ শিরোনাম করেছে ‘‘কূটনৈতিক চাপের মধ্যেও ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন ইন্টেলের প্রতিবেদন’’।

গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে সিএনএন জানায়, সম্প্রতি ইরানের পারমাণবিক ঘাঁটিগুলিতে ইসরাইলের হামলার আশঙ্কা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

অনেকের মতে, আমেরিকার সঙ্গে ইরান যদি পারমাণবিক চুক্তি করতে রাজি না হয়, তবে এই হামলার আশঙ্কা আরও বৃদ্ধি পাবে।

জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’ (আইএইএ)-র প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ইরানের বিরুদ্ধে বিধান ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন।

তার পরেই ওয়াশিংটন পরমাণু চুক্তি নিয়ে চাপ বাড়িয়েছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে ‘পরমাণু চুক্তি’ নিয়ে উৎসাহী।

তিনি বার বার তাঁর নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। কখনও ধমকে-হুঁশিয়ারি দিয়ে, আবার কখনও সরাসরি আলোচনায় বসার প্রস্তাব রেখে ইরানের সঙ্গে পরমাণু-কথা এগিয়ে নিয়ে যেতে চান ট্রাম্প।

মার্চ মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইকে চিঠি দিয়ে পরমাণু সমঝোতার জন্য চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন।

তবে ইরানও নিজেদের অবস্থানে অনড়। তাদের দাবি, ধমক বা হুঁশিয়ারি দিয়ে পরমাণু চুক্তি সই করানো যাবে না। আমেরিকার কাছে মাথা নত করবে না তারা।
লেখক: সাংবাদিক ও কলামিষ্ট
এফ শাহজাহান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *