
নিত্য নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার রাতে লাভলুর বাসার সামনে জড়ো হন প্রক্টরিয়াল টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে।জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

ঘটনার বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসি নাই আমরা, ২০০০ শহিদের রক্তের উপর দাঁড়াইয়া তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এইখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’
জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় গতকাল সোমবার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
