শিবগঞ্জে আর্গন গ্যাস বিক্রয়কেন্দ্র নিয়ে ঝুঁকির অভিযোগ নির্মাণকাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বগুড়া শিবগঞ্জ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
ঢাকা–রংপুর মহাসড়কের পাশের লস্করপুর মৌজায় অবৈধভাবে গড়ে ওঠা গ্যাস বিক্রয়কেন্দ্রের কারণে বিস্ফোরণ ও প্রাণনাশের ঝুঁকি তৈরি হয়েছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। এ ঘটনায় তিনি নির্মাণকাজ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

রবিবার মোকামতলা মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম জানান, তার বাড়ির পাশে তাইজুল ইসলাম তুহিনের মালিকানাধীন প্রতিষ্ঠানে অবৈধভাবে আর্গন ও হাইড্রোজেন গ্যাস বিক্রি হচ্ছে। এতে এলাকাবাসীর জীবন ও সম্পদ হুমকির মুখে পড়ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যবসা সম্প্রসারণের নামে তার বসতবাড়ির জায়গা দখলের হুমকি দেওয়া হয় এবং নোংরা পানি বাড়ির ভেতরে নামিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ৪ জানুয়ারি ২০২৬ তারিখে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রায়হান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ আপাতত বন্ধ রেখে কাগজপত্র যাচাইয়ের নির্দেশ দেন। তবে এরপরও আবার নির্মাণকাজ শুরু হয়েছে বলে দাবি করেন আরিফুল ইসলাম।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “প্রশাসনকে জানালেও এখনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। তাই নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।” এই বিষয়ে তাইজুল ইসলাম তুহিন বলেন, থানায়  অভিযোগ হওয়ায় আইনের প্রতি সম্মান রেখে নির্মাণ কাজ বন্ধ রেখেছি। অভিযোগ কারীর বাড়ি আমার ফ্যাক্টারি থেকে ৪ শত ফিট দূরে অবস্থিত।
আর্গন ও হাইড্রোজেন গ্যাস বিক্রির লাইসেন্স আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ’লাইসেন্স না থাকলে এমনি ব্যবসা করছি!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *