
নিত্য নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডা. চাই জিয়াংফাংয়ের নেতৃত্বাধীন মেডিকেল টিমটি হাসপাতালের সিসিইউতে প্রবেশ করে। মেডিকেল টিমটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবে।
এদিকে, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় কাজ শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)।বার্ধক্যজনিত নানা জটিলতায় গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।
