নিত্য নিউজ প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ও মানোন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ হিসেবে ২০টি আইওটি বেজড মিল্ক ডিভাইস বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গাবতলী উপজেলার নাড়ুয়া মালাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ইফাদ ও ডানিডার আর্থিক ও কারিগরি সহায়তায়, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এই ডিভাইসগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম পরিচালনা করবে।
ডিভাইসগুলো মূলত বিভিন্ন মিল্ক চিলিং সেন্টারে বসানো হবে। এর মাধ্যমে দুধের মধ্যে চর্বি, পানি, ল্যাকটোজসহ অন্যান্য উপাদানের সঠিক পরিমাণ সহজেই নির্ণয় করা সম্ভব হবে। ফলে দুধের ভেজাল রোধ, পুষ্টিমান যাচাই এবং ভোক্তাদের আস্থা অর্জন সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাক-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এ উদ্যোগ দেশের দুগ্ধ শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
তারা আরও জানান, আইওটি বেজড মিল্ক ডিভাইস ব্যবহার করে শুধু দুধের মান যাচাই নয়, ভবিষ্যতে উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনায়ও স্বচ্ছতা আসবে। এতে একদিকে যেমন খামারিরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারা নিশ্চিত হবেন বিশুদ্ধ দুধের যোগান সম্পর্কে।
এই কার্যক্রমের মাধ্যমে বগুড়ার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও দুগ্ধজাত পণ্যের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাক এর সিনিয়র ডিরেক্টর ড. মাহবুব আলম, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সর্দার, আরএমটিপি ডেইরি এর প্রজেক্ট ম্যানেজার ডাঃ জিয়াউর রহমান।
