বগুড়ার আরডিএ তে অনুষ্ঠিত হল পার্টনার প্রকল্পের কর্মশালা

জাতীয়

নিত্য নিউজ ডেস্কঃ   দেশের কৃষি খাতকে লাভজনক ও বহুমুখীকরণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিস্তারে সরকার পার্টনার প্রকল্পের মাধ্যমে কাজ করছে। আগামী পহেলা বৈশাখে ১০টি জেলায় এই প্রকল্পের মাধ্যমেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ করবেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক আব্দুস সাত্তার। মঙ্গলবার দুপুরে বগুড়া শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের আয়োজনে ও পার্টনার প্রোগ্রামের অর্থায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন, দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বাড়লেও বাড়েনি কৃষিজমির সংখ্যা। তাই কৃষিকে আধুনিকীকরনের কোন বিকল্প নেই। ইতিমধ্যেই সরকারিভাবে আম, কাঁঠাল, আনারসসহ ১০ ধরণের সবজি বিদেশে রপ্তানি করা হচ্ছে যা আগামীতে আরও প্রসারিত করা হবে।

বগুড়া অঞ্চলের ৪টি জেলা, প্রকল্প বাস্তবায়নকারী ৭টি সংস্থা এবং কারিগরি সহযোগী অংশীদার ৮টি প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রোগ্রাম কো অর্ডিনেটর আবুল কালাম আজাদ। কর্মশালায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, সাধারণ কৃষক, উদ্যোক্তা, রপ্তানিকারক, অংশীদারগণসহ দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *