দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়
নিত্য নিউজ ডেস্কঃ    দেশের ২৪ জেলায় আজ বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবারের তুলনায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। আবার সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে রাজধানীর তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে থাকতে পারে কয়েক দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেছেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

এই শৈত্যপ্রবাহ আর কয় দিন চলবে—এমন প্রশ্নের জবাবে শাহীনুল ইসলাম বলেন, আরও কয়েক দিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে আবার কিছু জেলা বাদ পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *