জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে সাধারণ পরিষদের অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা।

গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাকে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাণী ম্যাথিল্ডের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়।
