নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ইসলামী ব্যাংকের ‘কল ব্যাক নোটিশ’

জাতীয় নির্বাচন-২৬

শিবগঞ্জ থেকে মেহেদী হাসানঃ
আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড এর চেয়ারম্যান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ বগুড়া শাখা। গত বুধবার ইসলামী ব্যাংক, বগুড়া শাখা প্রধান মো: তৌহিদ রেজা স্বাক্ষরিত এ নোটিশ ইস্যু করা হয়। নোটিশে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০১০ সালে ২২ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করা হলেও, মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে মোট বকেয়া দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা। নোটিশে বলা হয়, আফাকু কোল্ড স্টোরেজ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মান্না ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি। বারবার নোটিশ দেওয়া হলেও টাকা পরিশোধের কোনো চেষ্টাও করেননি তিনি।

বগুড়া শাখাপ্রধান তৌহিদ রেজা স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয়, ‘মঞ্জুরিপত্রের নিয়মানুযায়ী প্রতিটি ডিলে নির্ধারিত তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধের কথা থাকলেও  মৌখিকভাবে, ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও  তা পরিশোধ করেননি মান্না। ইতোপূর্বে  লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে, তবুও বিনিয়োগের দায় পরিশোধ করেননি তিনি । লেনদেনের পরিস্থিতি দেখে ব্যাংকের কাছে অনুমিত হয়েছে যে আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বিনিয়োগের সমুদয় দায় ৩৮৪.৭৬ মিলিয়ন টাকা পরিশোধ করে হিসাবসমূহ নিষ্পত্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ব্যাংকটি । অন্যথায় ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।’

এ দিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর তৃতীয় অধ্যায় (নির্বাচন) ১২ (১) (ঠ) ধারা অনুসারে কোনো ঋণগ্রহীতা ঋণখেলাপি হলে তিনি নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। নীতিমালা অনুসারে ঋণখেলাপির জন্য নাগরিক ঐক্যের আহ্বায়ক
মাহমুদুর রহমান মান্না আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়েছে। এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না সাহেবের সাথে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *