
সেজিল ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী
ইরানের সেজিল-২ ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এ ক্ষেপণাস্ত্র প্রায় দুই হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে।অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও এ ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে। আর এ জন্য এটিকে ‘ড্যান্সিং মিসাইল’ বা ‘নাচুনে ক্ষেপণাস্ত্র’ বলে ডাকা হয়ে থাকে।সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্য বলছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৮ মিটার লম্বা। এর ওজন প্রায় ২৩ হাজার ৬০০ কেজি।কঠিন জ্বালানির ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানিব্যবস্থায় পরিচালিত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত ও উৎক্ষেপণ করা যায়।১৯৯০-এর দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্য বলছে, ২০০৮ সালে প্রথম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। ওই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় ২০০৯ সালের মে মাসে।
