
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেন। তিনদিন পর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটল। নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে গেলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে ঘিরে ধরা ব্যক্তিরা তাকে উদ্দেশ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁর কর্মীরাও ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।
নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘ছাত্রদল এই হামলা করেছে। এরা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে।’ হামলার প্রতিবাদে বেলা ২টার দিকে ফকিরাপুল মোড়ে এনসিপির নির্বাচনী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নাসিরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। তিনি এই হামলার জন্য তারেক রহমান ও ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন। একই সঙ্গে হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানান।
