
নিত্য নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত এই ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো রকম ‘অ্যাপ্রোচ’ করা যায় কি না, সেটা বিচার-বিবেচনা করার জন্য অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেন। তাঁর সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। আর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে অন্য আসামি সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের।
