বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা : শোকাহত পরিবারকে সমবেদনা, দ্রুত গ্রেপ্তারের দাবি বিএনপি’র

বগুড়া বাংলাদেশ

নিত্য নিউজ প্রতিবেদক:

বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত রাহুলের বাড়িতে গিয়ে তাঁর বিধবা মা দীপালি বেগমকে শান্তনা জানান আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

 

আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে গভীরভাবে ব্যথিত হয়েছেন তারেক রহমান। তাঁর নির্দেশেই বিএনপি পরিবার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

 

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় পুলিশ শ্রমিক লীগ নেতা জামিল হোসেনকে গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

 

তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, “বিএনপি একটি শান্তিপ্রিয় দল। বিএনপি কখনো বিশৃঙ্খলা চায় না, সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়। তবে রাহুল সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে ২৪ সালের মতো আবারও আন্দোলনের সূচনা হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *