যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরী সম্প্রতি তিনটি বিলাসবহুল সম্পদের মালিকানা পরিবর্তন হয়েছে। এর মূল্য প্রায় তিন কোটি পাউন্ড (প্রায় ৫০০কোটি টাকা)।যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট কোম্পনিজ হাউসের তথ্যানুযায়ী, আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি ‘রনি ৪২ লিমিটেড’-এ ১৯ সেপ্টেম্বর বড় ধরনের পরিবর্তন এসেছে। ওই দিন আনিসুজ্জামান কোম্পানিটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব পিরিয়েভ পরিচালক হিসেবে কোম্পানির একক নিয়ন্ত্রণ পেয়েছেন। কোম্পানির নতুন নাম হয়েছে ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’।২০১৯ সালের ২২ আগস্ট ‘রনি ৪২ লিমিটেড’ নিবন্ধিত হয়েছিল। কোম্পানির নাম নতুন হলেও নিবন্ধন নম্বর অপরিবর্তিত রয়েছে।

এক কোম্পানির সব শেয়ার ছেড়ে দিয়েছেন ইমরানা জামান
কোম্পানিজ হাউসের তথ্যানুযায়ী, গত বছরের ২৪ সেপ্টেম্বর ইমরানা জামান চৌধুরী তাঁর নামে থাকা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি জিএস এসপিভি ওয়ান লিমিটেডের সব শেয়ার ছেড়ে দিয়েছেন। একই দিনে তিনি কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।কোম্পানিটির মোট এক হাজার শেয়ারের মধ্যে ইমরানা জামান চৌধুরীর হাতে ছিল ৫০০ শেয়ার, যা কোম্পানির ৫০ শতাংশ মালিকানা নির্দেশ করে। বাকি ৫০ শতাংশ শেয়ার ছিল নাদিয়া মমিন ইমাম নামের একজনের মালিকানায়। কোম্পানিজ হাউসের তথ্য অনুযায়ী, ইমরানা জামান চৌধুরী তাঁর সব শেয়ার নাদিয়া মমিন ইমামের কাছে হস্তান্তর করেন। ফলে বর্তমানে কোম্পানিটির একক শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক মালিক হলেন নাদিয়া মমিন ইমাম।
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে


যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশ সরকারের অনুরোধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। এনসিএ এসব সম্পদের অর্থের উৎস তদন্ত করছে। এসব সম্পত্তির বেশির ভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশে আনিসুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালক ছিলেন আনিসুজ্জামান চৌধুরী। ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মতো আনিসুজ্জামান চৌধুরীরও বিদেশে সম্পদ আছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে তাঁর সম্পদ আছে।
