নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডাকাতমারা চরে কৃষি উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থা সহজীকরণ এবং কৃষকদের জন্য সুদমুক্ত ফসলী ঋণ বিতরণ উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করে পল্লী উন্নয়ন একাডেমির চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, এবং আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো রিসোর্স লিমিটেডের কৃষক কর্মসূচির আওতায় চরের ৮০ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ৪৩ হাজার টাকা করে ফসলী ঋণ বিতরণ করা হয়।

ঋণ বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ডা. আব্দুল মজিদ প্রামানিক, আকিজ গ্রুপের উপ-ব্যবস্থাপক আতিকুল ইসলাম, কুর্ণিবাড়ী ইউনিয়নের মেম্বার ওসমান আকন্দ।

কর্মকর্তারা জানান, এই ঋণ কৃষকরা ফসল বিক্রি করে সহজেই পরিশোধ করতে পারবেন। এতে কৃষকদের ফসল উৎপাদনে আগ্রহ বাড়বে এবং আর্থিক স্বচ্ছলতাও আসবে।
চরের কৃষক খায়রুল মন্ডল জানান, “অনেক সময় টাকার অভাবে চাষাবাদ করা যায় না। এই ঋণ আমাদের উৎপাদনে সহায়ক হবে। বিপণন ব্যবস্থা ভালো হলে আমরা লাভবান হতে পারবো।”
