এক মাসে সারা দেশে ৪৮ হাজারের বেশি গ্রেপ্তার

Uncategorized
গত এক মাসে সারা দেশে অভিযান চালিয়ে ৪৮ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সময়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ১০ মে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে। এ দিন ২ হাজার ৭৭১ জন গ্রেপ্তার হয়েছেন।পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর বলছে, গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৩১ দিনে গ্রেপ্তারের দৈনিক গড় অপারেশন ডেভিল হান্টের চেয়েও বেশি। অপারেশন ডেভিল হান্টে গড়ে প্রতিদিন ১ হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান বলেন, বিশেষ কোনো কারণে নয়, পুলিশের সক্রিয়তার ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যরা কার্যক্রম চালিয়ে যাওয়ায় গ্রেপ্তার বেড়েছে। তিনি জানান, কয়েক মাস আগেও গড়ে প্রতিদিন গ্রেপ্তার করা হতো ১ হাজার ১০০ জনকে। গত এক মাসে ১৭৫ জনেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক এমপি রয়েছেন।তারা হলেন, মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জেবুন্নেসা আফরোজ (বরিশাল-৫), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), জাফর আলম (কক্সবাজার-১), আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪), সেলিনা ইসলাম (সংরক্ষিত আসন-৪৯, কুমিল্লা), শামীমা আখতার খানম ওরফে শামীমা শাহরিয়ার (সংরক্ষিত আসন-২১, সুনামগঞ্জ)।এ ছাড়া গত ৯ মে নিজ বাসা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। এদিকে নিষিদ্ধ রাজনৈতিক দল ও সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ মে রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল থেকে ১১ জন ও ১৯ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রায়েরবাজারে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করে, যাদের মধ্যে মাদক চোরাকারবারি, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন গ্যাংয়ের সদস্যও ছিল।অন্যদিকে গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও কারাগার থেকে জামিনে আসামি ছাড়া পাওয়ার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ আলম চৌধুরী। তিনি বলেন, নতুন গ্রেপ্তার ও জামিন হওয়া নিয়ে কারাগারে মোট বন্দির সংখ্যা স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *