নিত্য নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরের কুতুবদিয়া এ্যাঙ্করেজের দক্ষিণে অবস্থানরত এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সোফিয়ার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনীর ০৫ টি অত্যধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের ০২ টি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের জাহাজ।
গতকাল মধ্য রাতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বহিঃনোঙ্গরে টহলে থাকা নৌবাহিনী জাহাজ শাপলা। পরবর্তীতে নৌবাহিনীর আরও ৪টি জাহাজ ও কোস্ট গার্ডের ২ টি জাহাজ আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। নৌবাহিনী ও কোস্ট গার্ডের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। এছাড়া জাহাজটিতে থাকা ২১ জন ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা প্রদান করছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের মেডিকেল দল। বর্তমানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি।
