
নিত্য নিউজ ডেস্কঃ পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটিকে বয়কট থেকে সরিয়ে আনতে গতকাল পাকিস্তানে ছুটে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেছেন ইমরান।
রোববার রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে পাকিস্তান ভারত-ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্ট। সূত্রের বরাতে তিনটি শর্তের কথা বলেছে ভারতের গণমাধ্যম এনডিটিভিও, যদিও ধরন ভিন্ন।
ভারতের হিন্দুস্থান টাইমস টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে জানিয়েছে, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবি আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে। প্রথমটি হচ্ছে লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি। বর্তমানে পাকিস্তান আইসিসি হতে যে অর্থ পায়, তা আরও বেশি পরিমাণে চায় তারা। দ্বিতীয় শর্ত ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালু। ২০১৩ সালের পর থেকে দুই দেশ কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলে না, আর সেটা ভারতের অনাগ্রহে। পাকিস্তান চায় দুই দেশ আবার সিরিজ খেলবে।
